ইরানে দ্রুতগতিতে তৈরি হচ্ছে গোপন ভূগর্ভস্থ স্থাপনা

দুই প্রধান পরমাণু স্থাপনার মাঝখানে নির্মাণকাজ, পারমাণবিক কার্যক্রমে ব্যবহারের আশঙ্কা পর্যবেক্ষক সংস্থার।

টুইট প্রতিবেদক: ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার মধ্যবর্তী এলাকায় দ্রুতগতিতে একটি ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থাপনাটি কী উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পারমাণবিক কার্যক্রমে এটি ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি ভেন্টর টেকনোলজির কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে নির্মাণকাজের বিষয়টি শনাক্ত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের পিকঅ্যাক্স পাহাড় ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় নতুন ভূগর্ভস্থ স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে। ২০২৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো এর নির্মাণকাজের চিহ্ন নজরে আসে পর্যবেক্ষকদের।

এরপর চলতি বছরের জানুয়ারিতে একটি সুড়ঙ্গের দিকে নতুন সড়ক নির্মাণ এবং জুনে আরেকটি নতুন সুড়ঙ্গের অস্তিত্ব শনাক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে স্থাপনাটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী নির্মাণের কাজও শুরু করেছে ইরান।

আইএসআইএস জানিয়েছে, স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে এর অবস্থান, নির্মাণের গতি ও অবকাঠামোগত অগ্রগতি বিবেচনায় পারমাণবিক কাজে ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বিরোধ চলছে। ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। অন্যদিকে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

এ বিরোধের জেরে গত বছরের জুন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নতুন ভূগর্ভস্থ স্থাপনার নির্মাণকাজের তথ্য প্রকাশের পর ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, ইত্তেফাক।