ঐতিহ্য ধরে রেখেই সংস্কার হবে রাজশাহী নিউমার্কেট: রাসিক প্রশাসক

দুই তলাসহ পুরো মার্কেট পরিদর্শন, অভ্যন্তরীণ সড়ক ও ড্রেন উন্নয়নের আশ্বাস; ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি নিউমার্কেটের দুই তলাসহ পুরো মার্কেট ঘুরে দেখেন।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক ব্যবসায়ী ও মার্কেট পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় তিনি ঐতিহ্যবাহী এই মার্কেটের উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন। পাশাপাশি মার্কেটের সংস্কার, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেন উন্নয়ন করা হবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “ঐতিহ্যবাহী রাজশাহী নিউমার্কেট নগরীর একটি পুরোনো প্রতিষ্ঠান। আমরা এর ঐতিহ্য ধরে রাখতে চাই। নিউমার্কেটের নিজস্ব স্বকীয়তা ও ঐতিহ্যের আদলে এর সংস্কার ও উন্নয়ন কাজ করা হবে। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতে আরও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখে তাঁদের সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই।” এ বিষয়ে তিনি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নুর কুতুবে আলম মুনু, সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, ক্যাশিয়ার সৈয়দ আব্দুল ময়েজ ডলার, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জেম ও মো. টিপু উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, গোলাম আতোয়ার, আফজাল হোসেন, সাব্বির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহেল কাফিসহ অন্যান্য প্রকৌশলী এবং ১৩ নম্বর ওয়ার্ড সচিব সারোয়ার হোসেন শাওন উপস্থিত ছিলেন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সোহেল রানা সরকার দিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুল রেজা ও যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম জিতু, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব এ কে সারওয়ার জাহান সম্রাট এবং সাবেক যুবনেতা মোমিন, পল্টু ও মিঠু এ সময় উপস্থিত ছিলেন।







