গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

টুইট ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন এবং একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেন।

প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সরে যান। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।