সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল

ভিসাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনায় প্রস্তুত দিল্লি
টুইট ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থগিত হওয়া কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, বাংলাদেশ-ভারতের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জয়সওয়াল জানান, আগামী সপ্তাহে ঢাকায় দুই দেশের কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। ভিসাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য পরবর্তী সংলাপ উভয় পক্ষের সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে।
তিনি বলেন, বাণিজ্য, রেলপথ ও পানিসম্পদসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও বৈঠক হয়েছে। দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনার জন্য বিদ্যমান কাঠামো ও কারিগরি প্রস্তুতি রয়েছে ভারতের।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁকে নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে দুই সাংবাদিকের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি জয়সওয়াল। তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু বলার নেই।






