অবৈধভাবে বাঁশ পাচার, সেনাবাহিনীর অভিযানে আটক ১

বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পরিবহনের সময় নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা। জব্দ করা বাঁশ হস্তান্তর করা হয়েছে বন বিভাগের কাছে।
বান্দরবান প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ পাচার প্রতিরোধে বান্দরবানে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ অভিযানে অবৈধভাবে বাঁশ পরিবহনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা নদীপথে অভিযান চালিয়ে নুরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে বাঁশসহ আটক করেন।
পরে ক্যাম্প কমান্ডার পরিবহন করা বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। এ সময় বাঁশগুলোর বৈধতার বিষয়ে অসংগতি পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা বাঁশ বন বিভাগ, বান্দরবানের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, মানুষের জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে।
এ ছাড়া পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা কামনা করেছে সেনাবাহিনী।






