গ্যাব্রিয়েলকে পেতে রিয়ালকে আইনি চ্যালেঞ্জ জানাতে পারে ম্যানইউ

১৬ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ; জানুয়ারির দলবদল ঘিরে বাড়ছে দুই ক্লাবের বিরোধ।

টুইট প্রতিবেদক: তরুণ ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়ানো নিয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে বিরোধে জড়াতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টা করছে রিয়াল। তবে ইউনাইটেডের সঙ্গে নিবন্ধন বহাল থাকা অবস্থায় অন্য কোনো ইউরোপীয় ক্লাব তাকে দলে নিলে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইংলিশ ক্লাবটি।

গ্যাব্রিয়েলের সঙ্গে রিয়াল মাদ্রিদের মৌখিক সমঝোতা হয়েছে, এমন খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

গত সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছা জানিয়ে ক্লাব থেকে চলে যান গ্যাব্রিয়েল। এরপর আর অনুশীলনে ফেরেননি তিনি। তবে এখনো ইউনাইটেডের একাডেমিতে নিবন্ধিত রয়েছেন এই তরুণ। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার নিবন্ধন বহাল থাকার কথা।

স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আগামী জানুয়ারির দলবদলে গ্যাব্রিয়েলকে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। বার্সেলোনা, প্যারিস সাঁ-জার্মাঁ ও বায়ার্ন মিউনিখও এই তরুণকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে তাকে পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রিয়াল।

গ্যাব্রিয়েলের ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট থাকায় ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, ইউরোপীয় পাসপোর্টধারী তরুণ খেলোয়াড়দের সঙ্গে ইউরোপের ক্লাবগুলোর পেশাদার চুক্তি করার সুযোগ রয়েছে। ইউনাইটেডের আশঙ্কা, এই সুযোগ কাজে লাগিয়েই গ্যাব্রিয়েলকে দলে নিতে পারে রিয়াল।

ক্লাব-সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ইউনাইটেডের নিবন্ধিত খেলোয়াড় হওয়া সত্ত্বেও অন্য কোনো ক্লাব গ্যাব্রিয়েলকে দলে নিলে আইনি পদক্ষেপের কথা ভাববে তারা। তবে স্কাই স্পোর্টস জানিয়েছে, সম্ভাব্য এই আইনি জটিলতা নিয়ে আপাতত উদ্বিগ্ন নন গ্যাব্রিয়েল।