নতুন মার্কিন হামলার শঙ্কা, পাল্টা আঘাতের প্রস্তুতির কথা জানাল তেহরান

নতুন মার্কিন হামলার শঙ্কা, পাল্টা আঘাতের প্রস্তুতির কথা জানাল তেহরান।

টুইট প্রতিবেদক: শান্তি আলোচনায় অগ্রগতির দেখা মেলেনি বলে জানিয়েছে তেহরান। নতুন করে মার্কিন হামলা হলে বিধ্বংসী জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় কোনো সমঝোতা বা অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে দেশটির ওপর নতুন করে মার্কিন হামলা চালানো হলে বিধ্বংসী পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানের আলোচক দলের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানান। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় অতীত অভিজ্ঞতার কারণে আশাবাদী হওয়ার সুযোগ কম। তবে ওয়াশিংটন নতুন করে কোনো হামলা চালালে ইরান নিজেদের রক্ষায় পাল্টা আঘাত হানবে।

তিনি আরও বলেন, ইরান তার বৈধ স্বার্থ ও দাবি আদায়, শত্রুপক্ষের আগ্রাসন প্রতিহত এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগের সুযোগ হাতছাড়া করতে চায় না।

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ চলছে, যা বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা পর্যন্ত চলার কথা।

এর আগে সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী। তবে হামলাটিকে বড় সামরিক অভিযান হিসেবে দেখাতে চাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষায়, কেশম দ্বীপে হামলাটি যুদ্ধের সূচনা নয়, বরং একটি ছোট আকারের আঘাত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও সমঝোতার অগ্রগতি না হওয়া এবং নতুন সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: আলজাজিরা