কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধার মামলায় এক মাস দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি
টুইট ডেস্ক : বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগারের ফটকে জামায়াত ও সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। মুক্তির পর আখতারুজ্জামান বলেন, “আমরা সত্যের রাজনীতি করি। সত্যের জয় হবেই। সত্যকে কেউ আটকে রাখতে পারবে না।” জনগণের পাশে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করতে সবার দোয়া চান তিনি।
এর আগে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত তার জামিন বহাল রেখে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এতে তার কারামুক্তির আইনি বাধা দূর হয়।
মুক্তির সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দলটির কেন্দ্রীয় নেতারা জানান, কারাগার থেকে বেরিয়ে আখতারুজ্জামান মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে যাবেন। সেখানে সাক্ষাতের পর গণমাধ্যমের কাছে বিস্তারিত বক্তব্য দেবেন।
গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আলোচনায় আসেন আখতারুজ্জামান। পরদিন, ২ অক্টোবর, তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এক মাস দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন তিনি।






