১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

নতুন নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা, আজ রাত ৮টা থেকে কার্যকর
টুইট ডেস্ক:ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নির্ধারিত নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
এর আগে গত অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তবে বিইআরসি ঘোষিত দামে বাজারে এলপিজি পাওয়া নিয়ে আগে থেকেই অভিযোগ রয়েছে। গত মাসে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হওয়ার তথ্য পাওয়া গেছে।
নতুন করে দাম বাড়ানোর ফলে সাধারণ ভোক্তাদের রান্নার খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।






