মঙ্গলবার সৌরবিদ্যুৎ প্রদর্শনী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুই দিনের আয়োজনে আধুনিক প্রযুক্তি, বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরা হবে
টুইট ডেস্ক : দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সৌরবিদ্যুৎ প্রদর্শনী-২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে আগামী ৩ ও ৪ নভেম্বর এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অবকাঠামো উন্নয়ন কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ আয়োজন করেছে। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী উদ্বোধনের পর বিভিন্ন প্রদর্শনীকক্ষ পরিদর্শন করবেন। আয়োজনে সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি, সরকারি প্রণোদনা, বিনিয়োগ সুবিধা এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তুলে ধরা হবে।
প্রদর্শনী চলাকালে চারটি আলোচনা সভায় সৌরবিদ্যুতের সম্প্রসারণ, জাতীয় জ্বালানি ব্যবস্থায় এর অংশ বৃদ্ধি এবং ভবনের ছাদ ও অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনব্যবস্থা স্থাপনের বিষয়ে আলোচনা হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমানো এবং গ্রীষ্মকালে বিদ্যুৎসংকটজনিত জনদুর্ভোগ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করছে।
আয়োজকেরা জানান, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করাই প্রদর্শনীর অন্যতম লক্ষ্য। পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে উদ্যোক্তা, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রদর্শনীতে সৌরচালিত সেচব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ হ্রাসের স্বীকৃতিভিত্তিক বাণিজ্য এবং দক্ষতা উন্নয়নের সুযোগ তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






