শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত গাজীপুর, মহাসড়কে অচলাবস্থা

৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনের আন্দোলন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

টুইট ডেস্ক : ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনের চতুর্থ দিনে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা ব্যবহার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও মৌচাক এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর ১২টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

সংঘর্ষের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এক পাশে যান চলাচল স্বাভাবিক থাকলেও অপর পাশে দফায় দফায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনশ্রমিকেরা দুর্ভোগে পড়েন।

এদিকে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ সড়ক ও শিল্পাঞ্চলে অবস্থান করছেন।

চলমান অস্থিরতার মধ্যে গাজীপুরের কারখানাগুলো বন্ধ থাকার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হলেও তাঁরা বারবার মহাসড়কে ফিরে আসছেন। সকাল থেকেই এমন পরিস্থিতি চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে শ্রমিকদের আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানকে কেন্দ্র করে কালিয়াকৈর শিল্পাঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।