মেসির জাদুতে ঘুরে দাঁড়াল ইন্টার মায়ামি

একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার জন্য মরিয়া ছিল ইন্টার মায়ামি। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একটি অসাধারণ অ্যাসিস্টের পাশাপাশি নিজেও করেছেন দৃষ্টিনন্দন গোল।

টুইট প্রতিবেদক: নিউ ইংল্যান্ডের মাঠে প্রথমে পিছিয়ে পড়ে মায়ামি। ম্যাচের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। তবে ১৬ মিনিট পরই সমতায় ফেরে ফ্লোরিডার দলটি। মায়ামির প্রথম গোলেও ছিল মেসির গুরুত্বপূর্ণ অবদান।

৬৯ মিনিটে সতীর্থকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। এরপর সতীর্থের উঁচু করে বাড়ানো বল হেডের সাহায্যে ডান দিকে পাঠান তিনি। সেখানে প্রস্তুত ছিলেন জার্মান বারতারাম। সহজেই বল জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান তিনি।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে নিজের জাদু দেখান মেসি। বক্সের বাইরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের চাপ সামলে বল নিয়ে এগিয়ে যান তিনি। পরে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার মাধ্যমে বক্সে প্রবেশ করে বাঁ পায়ের নিচু শটে গোলরক্ষক টার্নারকে পরাস্ত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসির এই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির। একই সঙ্গে দুই ম্যাচের জয়খরাও কাটে দলটির।

এই গোলের মাধ্যমে পেশাদার ফুটবল ক্যারিয়ারে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭-এ। পাশাপাশি ওপেন প্লে থেকে তাঁর গোলসংখ্যা বেড়ে হয়েছে ৮২২, যা এ ক্ষেত্রে নতুন রেকর্ড।

ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে আবারও প্রমাণ করলেন, বয়স বাড়লেও মাঠে তাঁর জাদুকরি দক্ষতা এখনো অমলিন।