দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪৫

সাত দিনে ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৯৬ রাউন্ড গুলি উদ্ধার; বিপুল পরিমাণ মাদক জব্দ, দায়ের ৩৫ মামলা!

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিশেষ অভিযানে সাত দিনে ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৯৬ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। এসব ঘটনায় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে এবং ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ১০ হাজার ৮৫২ পিস ইয়াবা, ৪ কেজি ১৮৩ গ্রাম হেরোইন, ১ হাজার ৩০৫ বোতল ফেনসিডিল, ৭৫২ বোতল ও ৬২২ লিটার বিদেশি মদ, ২ বোতল ও ১ হাজার ২০ লিটার দেশি মদ, ৮১২ কেজি ৮৭২ গ্রাম গাঁজা এবং ১২ হাজার ৬টি ট্যাপেন্ডাল ট্যাবলেট।

পুলিশ জানায়, অস্থিতিশীলতা সৃষ্টিকারী, চাঁদাবাজ, মাদক কারবারি, চোরাকারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে গত ১ মে ২০২৬ থেকে দেশব্যাপী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখযোগ্য অভিযান

গত ২৭ অক্টোবর মুন্সীগঞ্জ জেলা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২০ রাউন্ড কার্তুজ এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া গত ২১ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অভিযান চালিয়ে ৪২ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করে এবং ১২ জনকে গ্রেফতার করে।

পুলিশের এই বিশেষ অভিযানকে কেন্দ্র করে দেশব্যাপী অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী তৎপরতা অব্যাহত রয়েছে।