চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পাঁচ দিনব্যাপী ‘কারাত-২০২৬’ যৌথ নৌ মহড়ায় অংশ নিতে এসেছে ৬৮ মিটার দীর্ঘ ইউএসএস ওয়ারিয়র।

টুইট প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে জাহাজটি বাংলাদেশে এসেছে।

রোববার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়। এ সময় জাহাজটির প্রতিনিধি দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

৬৮ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। বন্দরের প্রবেশমুখে পৌঁছানোর পর সামরিক রীতি অনুসারে বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানানো হয়।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে ‘কারাত-২০২৬’ মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। পাঁচ দিনব্যাপী এ মহড়ায় দুই দেশের নৌসদস্যরা পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন। পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং যৌথ অভিযান পরিচালনায় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

মহড়ার মূল উদ্দেশ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করা। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের যৌথ প্রশিক্ষণ দুই দেশের নৌবাহিনীর মধ্যে আস্থা বৃদ্ধির পাশাপাশি পেশাগত সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখবে।

আগামী ৫ নভেম্বর মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।