সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির ফাঁকা ফায়ার

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের দুই রাউন্ড গুলির পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি; হতাহতের তথ্য মেলেনি।

টুইট প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই রাউন্ড গুলি ছুড়েছে। এর পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের সীমান্তের অভ্যন্তরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ১৯ বিজিবির গণমাধ্যম শাখার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিবর্ষণের পরপরই বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই পদক্ষেপ কোনো পাল্টা আক্রমণ ছিল না। বরং সীমান্তে সতর্ক অবস্থান বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবেই ফাঁকা গুলি ছোড়া হয়েছে।

তবে বিএসএফ কী কারণে গুলি ছুড়েছে, তা এখনো জানা যায়নি। গুলিবর্ষণের সময় সীমান্তে কোনো অনুপ্রবেশ, চোরাচালানবিরোধী অভিযান কিংবা অন্য কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।