সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় জামায়াতের প্রতিবাদ

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়াকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।
টুইট ডেস্ক: জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এ ঘটনা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।
শনিবার (৩১ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলেছেন। এটি শুধু একটি পত্রিকার প্রতি অবমাননা নয়, বরং বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বার্তা।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের কর্মকাণ্ড সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত করা কিংবা গণমাধ্যম বন্ধের আশঙ্কা তৈরি করে। এতে সংবাদকর্মী ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়া স্বাভাবিক।
বিবৃতিতে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে ওই রাজনৈতিক সহকারীর বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তাঁর আচরণ অগণতান্ত্রিক। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জামায়াত।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে জামায়াতের এই নেতা প্রশ্ন তোলেন, পত্রিকা ছেঁড়ার ঘটনার পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত রয়েছে কি না, তা জনগণ জানতে চায়।






