পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় আহত রিকশাচালক

ছেলের চালানো ব্যক্তিগত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন রিকশাচালক; দুর্ঘটনার পর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
টুইট প্রতিবেদক: রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ছেলে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর কালভার্ট রোডে পল্টন টাওয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি শাখা সড়কে গাড়িটি পাশ থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পল্টন থানা পুলিশ। এ সময় গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে গাড়িটি পল্টন থানায় রয়েছে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে গাড়িটির মালিক হিসেবে সাবেক অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর নাম জানা গেছে।
তবে দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।






