ভাড়া নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৩

৪০ টাকার অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ; বরযাত্রীদের ওপর হামলার পর পুলিশও আক্রান্ত, গুরুতর আহত এক কনস্টেবল।

টুইট প্রতিবেদক: কিশোরগঞ্জের মিঠামইনে অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে বরযাত্রী, চালক ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাটখাল বাজারের অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মিঠামইনের রানীগঞ্জ এলাকার এক ব্যক্তি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীসহ প্রায় ৪০ জন বরযাত্রী নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে কাটখাল বাজারের অটোরিকশা স্ট্যান্ডে ভাড়া নিয়ে চালকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় কয়েকজন বরযাত্রীকে মারধর এবং তাঁদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে স্ট্যান্ডের লোকজন ও স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা তদন্ত কেন্দ্রে ফেরার পথে পেছন থেকে তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে কনস্টেবল কাওসার মাথায় গুরুতর আঘাত পান। পুলিশের আরও দুই থেকে তিনজন সদস্য আহত হন।

কাটখাল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আল মোমেন জানান, বরযাত্রীদের পক্ষের ৯ থেকে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কাটখাল বাজার থেকে গন্তব্যে যাওয়ার অটোরিকশাভাড়া ৪০ টাকা নির্ধারণ নিয়ে বিরোধের সূত্রপাত। এ ঘটনায় মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।