ঝিনাইদহে গণভোটের রায় নিয়ে সরকারকে জামায়াত আমিরের হুঁশিয়ারি

সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান শফিকুর রহমানের, অন্যথায় এক দফা আন্দোলনের হুঁশিয়ারি।
টুইট প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সাত দফা দাবি মেনে না নিলে বিরোধী দলের আন্দোলন এক দফায় রূপ নিতে পারে।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, গত ফেব্রুয়ারিতে জনগণ দুটি ভোট দিয়েছিল। একটি ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। অন্যদিকে গণভোটে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিল। সেখানে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু সরকার এখনো সেই গণরায় বাস্তবায়ন করেনি।
তিনি বলেন, সাত দফা দাবি মেনে নিলে এক দফার পরিস্থিতি তৈরি হবে না। তবে সরকার দাবি মেনে না নিলে এক দফার আন্দোলন শুরু হতে পারে। জনগণের অধিকার কেড়ে নেওয়া হলে বিরোধী দল নীরব দর্শকের ভূমিকা পালন করবে না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা চান না তারা। এ পর্যন্ত জোটের প্রতিটি লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সরকার গণভোটের রায় মেনে নিলে ভবিষ্যতে আর লংমার্চের প্রয়োজন হবে না।
তবে সরকার একই অবস্থানে অনড় থাকলে ঝিনাইদহের মানুষকে ঢাকায় যাওয়ার আহ্বান জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমেদ অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশকে একদলীয় ও বাকশালী শাসনের দিকে নিয়ে যাচ্ছে।






