যারা জামায়াতকে ভোট দিয়েছেন, তারা এখন আফসোস করছেন: মীর শাহে আলম

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ প্রতিমন্ত্রীর, চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণাও
টুইট ডেস্ক: বগুড়া, ২৪ অক্টোবর ২০২৬: জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া অনেকেই এখন আফসোস করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর অভিযোগ, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোট নিলেও নির্বাচনের পর সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না দলটি।
শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, জামায়াতে ইসলামী নিজেদের কর্মীদের বাইরে অসহায় মানুষকে সহায়তা করে না। জাতীয় নির্বাচনে ভুল করে যারা দলটিকে ভোট দিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার। সরকারের সাত মাসের মধ্যেই বগুড়া-২ আসনসহ সারা দেশে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে পূজা ও হিন্দু সম্প্রদায়কে নিয়ে অনেক কথা বলা হলেও এখন তাঁদের খোঁজ নেওয়ার সময় সংশ্লিষ্টদের পাওয়া যাচ্ছে না। তাঁর অভিযোগ, জামায়াত ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণ নিয়েও দলটির কার্যকর উদ্যোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করা হয়েছে।
বিএনপির নির্বাচনী অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না। জনগণের কল্যাণে কাজ করে পাঁচ বছর পর আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় সরকার।
তিনি আরও জানান, আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
অনুষ্ঠানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগের কথা তুলে ধরা হয়।






