’৯৬-এর মতো আবারও আ. লীগের সঙ্গে জোট করেছে জামায়াত: রাশেদ খাঁন

বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর
টুইট ডেস্ক:প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, ১৯৯৬ সালের মতো আবারও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একসঙ্গে মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তাঁর দাবি, দুই দল মিলে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা শিবিরের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের জোট হয়েছিল। এখন আবারও তারা এক হয়েছে। আওয়ামী লীগ ও জামায়াত মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়ে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ ঘটনার পেছনে বিরোধী দলের কোনো উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তাঁর দাবি, বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার উৎসাহ পেয়েছেন।
এ সময় জামায়াতে ইসলামীর আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির ধারাবাহিকভাবে মিথ্যাচার করছেন। জামায়াতের নেতারা তাঁকে দরবেশ মনে করতে পারেন, কিন্তু তাঁর বক্তব্যে রাজনৈতিক মিথ্যাচার রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁন আরও দাবি করেন, জামায়াতের আমির অতীতে জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সন্ত্রাসে জড়িত ছিলেন। জামায়াতে যোগ দেওয়ার পর তিনি মিথ্যা বলা ছেড়েছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
আওয়ামী লীগ ও জামায়াতের কথিত ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।






