আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রিজভীর, জামায়াতকে ইঙ্গিত করে বক্তব্য
টুইট ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াতের দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে—এমন অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর দাবি, আওয়ামী লীগ ও ওই দলের বক্তব্য এবং আচরণে মিল রয়েছে। অতীতের মতো এখনো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সরকার সফলভাবে এই ধর্মীয় উৎসব সম্পন্ন করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।
চিকিৎসাসেবা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।






