ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টুইট ডেস্ক : রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আধুনিকায়ন করা ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান, শাহারিয়ার খাঁন আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলম উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
৯০ ফুট উঁচু জুলাই স্মৃতিস্তম্ভটি প্রায় এক একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে। এর গায়ে খোদাই করা হয়েছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের নাম। সামনে রয়েছে ২০টি প্রতীকী সমাধিফলক। স্মৃতিস্তম্ভের ভাস্কর্যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, প্রায় ২৩ একর আয়তনের ঐতিহাসিক ওসমানী উদ্যানকে আধুনিক নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। আধুনিকায়নের আওতায় পুরোনো জলাশয় সংস্কারের পাশাপাশি পাঁচটি নতুন জলাশয় নির্মাণ, হাঁটার পথ, ব্যায়ামাগার, গণশৌচাগার ও গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান গাছপালা সংরক্ষণ এবং নতুন বৃক্ষরোপণের মাধ্যমে উদ্যানটির সবুজ পরিবেশ উন্নত করা হয়েছে।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উদ্যানটি ঘুরে দেখেন এবং পাশের গ্রন্থাগার পরিদর্শন করেন। এ সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকেরা উপস্থিত ছিলেন।
প্রকল্প দুটির মাধ্যমে একদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ, অন্যদিকে রাজধানীবাসীর জন্য সবুজ ও আধুনিক বিনোদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়িত হলো।






