ফ্যাসিবাদের সময়ও জনগণের পাশে ছিল জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

চিকিৎসা সহায়তা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি বিএনপি নেতার

টুইট ডেস্ক : জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, রাজনৈতিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি চিকিৎসা সহায়তা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে সংগঠনটি।

রোববার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল রাজনৈতিক ভাবধারার সংগঠন নয়; এটি সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কল্যাণে গড়ে ওঠা একটি মানবিক প্রতিষ্ঠান। অধিকার আদায়ের সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের পাশেও দাঁড়িয়েছে সংগঠনটি।

দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। প্রধানমন্ত্রী নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন।

রিজভী আরও বলেন, রোগের প্রাদুর্ভাব ঠেকাতে মাঠপর্যায়ে সরকারের নেওয়া পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে দ্রুত স্বাস্থ্য সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সদস্য, চিকিৎসক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।