বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

দুর্গাপূজার নিরাপত্তা ও সব সম্প্রদায়ের মধ্যে শান্তি বজায় রাখার আহ্বান

টুইট ডেস্ক : বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে হানাহানি ও সংঘাতের মধ্যেও বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এই সম্প্রীতি অটুট রাখা সবার দায়িত্ব।

রোববার রাজধানীর রমনা কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচারের সমালোচনা করেন এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পূজার মূল দর্শনে অসুরের বিরুদ্ধে বিজয়ের বিষয়টি জড়িত। বাংলাদেশের ইতিহাসেও বিভিন্ন সময়ে অশুভ শক্তির আবির্ভাব হয়েছে, তবে এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করেছে বলে মন্তব্য করেন তিনি।

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রপতি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ও বিএনপির নেতাকর্মীদের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলা হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টার নিন্দা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার কারণে পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে আরও সরাসরি সময় কাটাতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে নিরাপত্তাব্যবস্থা আরও স্বাভাবিক রেখে যেন মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশাও জানান রাষ্ট্রপতি।