অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে মৃত্যু, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত।
টুইট প্রতিবেদক: রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে কীভাবে তিনি নিচে পড়ে যান, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তাঁর ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন। পরে মেয়েকে সামনের সুইমিংপুলে রেখে তিনি নির্মাণাধীন ভবনটির ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনের নিচতলায় সিঁড়ির পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, সকালে মোশাররফ হোসেন তাঁর ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান। তিনি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত জানানো হয়েছে। এ কারণে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফেরার পর বাবার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।
সাবেক এই সরকারি কর্মকর্তার মৃত্যুর ঘটনায় অফিসার্স ক্লাব এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।






