জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ভূমিমন্ত্রী মিনু

২০ অক্টোবর রাজশাহী সফরে আসছেন তারেক রহমান, মন্দির পরিদর্শন ও জনসভা ঘিরে প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর সফল করতে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। আগামী ২০ অক্টোবরের সফরে তিনি রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও জনসভায় অংশ নেবেন। এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নগরের সিঅ্যান্ডবি মোড় এলাকার একটি হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও মহানগর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রচেষ্টা প্রতিফলিত হচ্ছে। রাজশাহীর পাশাপাশি রংপুর বিভাগ ও চট্টগ্রামেও তিনি পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানান মিনু।
তিনি বলেন, ঢাকার বাইরে মন্দির পরিদর্শনের এ উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। সফর উপলক্ষে রাজশাহীতে একটি বড় জনসভার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য পরিচয়পত্রের ব্যবস্থা থাকবে। পরিচয়পত্র ছাড়া কেউ তাঁর কাছাকাছি যেতে পারবেন না।
পাট, আখ ও রেশমশিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ
কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, একসময় দেশের পাট, আখ ও রেশমচাষিরা সংকটে পড়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কৃষক ও সংশ্লিষ্ট শিল্পকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে ১৫টি পাটকল চালু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মিনু বলেন, দেশের বিভিন্ন স্থানে পাট উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। পাট আবারও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং সোনালি আঁশের হারানো গৌরব ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অবিভক্ত বাংলায় কলকাতা রাজধানী থাকাকালে রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ার চিনি কলকাতায় যেত। প্রধানমন্ত্রী সেই ঐতিহ্য ও সম্ভাবনা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কৃষকদের গুরুত্ব দিয়েই এবারের সমাবেশের আয়োজন করা হচ্ছে।
ধর্মসভা মন্দির পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করে ভূমিমন্ত্রী সমাবেশ সফল করতে রাজশাহী জেলা ও মহানগরসহ পার্শ্ববর্তী জেলার নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত নেতারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন যাঁরা
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শারমীন ফারজানা পুতুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এবং নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুন-অর-রশিদ।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও ছিলেন চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ, রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল এবং নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু ও আবু বক্কর সিদ্দিক।
এ সময় মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিবরা সভায় অংশ নেন।






