যুক্তরাজ্যে শিশির মনিরকে সংবর্ধনা

রাষ্ট্র সংস্কার, আইনের শাসন, প্রবাসীদের অধিকার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা।

টুইট প্রতিবেদক: যুক্তরাজ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে সংবর্ধনা দিয়েছে প্রবাসীদের সংগঠন ‘ওয়ান বাংলাদেশ ইউকে’। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, সংবিধান সংশোধন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাজ্যের পামট্রি ব্যাংকুয়েটিং হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বাংলাদেশি সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে অ্যাডভোকেট শিশির মনির বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে উপস্থিত অতিথিরা তাঁর সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সময় দেশের আইন ও বিচারব্যবস্থা, প্রশাসনিক স্বচ্ছতা এবং প্রবাসীদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় প্রবাসীদের অধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি দেশের মাদক সমস্যা, প্রবাসীদের জমি দখল, বন্দরে অবৈধ আয়ের অভিযোগ এবং জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত জটিলতা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকারি প্রতিবন্ধকতার অভিযোগ এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রবীণ প্রবাসী সম্প্রদায়ের ব্যক্তিত্ব ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শাহগির বখত ফারুক ও রফিক হায়দার উপস্থিত ছিলেন। আরও অংশ নেন ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তফজ্জুল মিয়া, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লন্ডন অঞ্চলের সভাপতি শফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আশিকুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশের সমসাময়িক রাজনৈতিক, আইনি ও সামাজিক বিষয় নিয়ে মতবিনিময়ের একটি উপলক্ষ হয়ে ওঠে।