‘চোরের মন পুলিশ-পুলিশ, সাধু সাবধান’, জামায়াত আমিরের পোস্ট ভাইরাল

ছয় শব্দের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল; তবে কাকে উদ্দেশ করে এ মন্তব্য, তা স্পষ্ট করেননি শফিকুর রহমান
টুইট ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘চোরের মন পুলিশ-পুলিশ। সাধু সাবধান।’
সংক্ষিপ্ত এই পোস্টে কাকে উদ্দেশ করে মন্তব্যটি করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি জামায়াত আমির। ফলে পোস্টটির বক্তব্য ও উদ্দেশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে।
এর আগে তুরস্ক সফর নিয়ে নিজের ফেসবুক পাতায় বিভিন্ন তথ্য তুলে ধরেন শফিকুর রহমান। সফরকালে তুরস্ক সরকারের সঙ্গে শিক্ষা, তৈরি পোশাকশিল্প এবং মক্কা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
রোববার সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান তুলে ধরা। একই সঙ্গে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক বাংলাদেশ অধ্যয়ন সম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা ছাড়েন শফিকুর রহমান। ৮ অক্টোবর তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশের সঙ্গে তাঁর বৈঠক হয়। পরদিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
তবে জামায়াত আমিরের আলোচিত ফেসবুক পোস্টটি তুরস্ক সফর, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।






