মারুবেনি করপোরেশনের বিনিয়োগ আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক

তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা

টুইট ডেস্ক: বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

রোববার (১১ অক্টোবর) ঢাকার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটো। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। মারুবেনি করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অঙ্গীকার তুলে ধরেন। সংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।