রাজশাহীতে বিজিবির অভিযান: ভারতীয় মদসহ সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন চারঘাট, ইউসুফপুর ও আলাইপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স, ১০৫ বোতল ভারতীয় ক্যাপটেন মদ এবং ৫২ বোতল ভারতীয় জেডি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে।
জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানি মালামাল রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার, চোরাচালানি পণ্যের প্রবেশ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।






