রেমিট্যান্স বন্ধের হুমকি, প্রশ্ন তুললেন রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের প্রশ্ন, প্রবাসীরা কি সবাই বিরোধী দলের সমর্থক? বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদের নামে কর্মকর্তাদের ওপর হামলারও সমালোচনা করেন তিনি।
টুইট প্রতিবেদক: রেমিট্যান্স বন্ধের হুমকির পেছনে কোনো গোপন পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর প্রশ্ন, কোন ক্ষমতাবলে বিরোধী দল রেমিট্যান্স বন্ধের ডাক দেয়? প্রবাসীরা কি সবাই ওই দলের অনুসারী?
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে কমল কুঁড়ির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রেমিট্যান্স শুধু সরকারের জন্য পাঠানো হয় না, প্রবাসীরা নিজেদের পরিবারের ভরণপোষণের জন্যও অর্থ পাঠান। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই অর্থপ্রবাহ বন্ধ করতে চায় যারা, তারা কখনোই দেশের স্বার্থে রাজনীতি করেনি বলে মন্তব্য করেন তিনি।
বিমানবন্দরের অনিয়ম ও অব্যবস্থাপনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সেখানে অন্যায় বা অনিয়ম হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানো যেতে পারে। তবে প্রতিবাদের নামে কর্মকর্তাদের গায়ে হাত তোলা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই স্বাভাবিক।
অবসরপ্রাপ্ত মেজর আখতারের প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি দাবি করেন, বিএনপিতে থাকাকালেও আখতার দলীয় শৃঙ্খলা মেনে চলতেন না। তাঁর এমন কোনো কর্মকাণ্ডের কারণে জামায়াতে ইসলামী নিজেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।






