রিমান্ড শেষে আদালতে জামায়াত নেতা আখতারুজ্জামান

বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছনার মামলায় কারাগারে পাঠানোর আবেদন
টুইট ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় এক দিনের রিমান্ড শেষে জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। একই সঙ্গে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তার পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল সপরিবারে মদিনা থেকে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ওই সময় আগমনী যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ সারি তৈরি হয়।
অভিযোগ রয়েছে, কয়েকজন প্রটোকল সহকারী সারির নিয়ম ভেঙে ট্রলি সংগ্রহের চেষ্টা করলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে লাগেজ আসতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে বিমানবন্দরের দায়িত্বশীল ব্যক্তিদের বাগ্বিতণ্ডা ও অশোভন আচরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলা করা হয়।






