প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন

সচিব মর্যাদায় দুই মন্ত্রণালয়ের দায়িত্ব, চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

টুইট ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বিশেষ নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

এ নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে বহাল থাকবে। এ ক্ষেত্রে যে শর্তটি আগে কার্যকর হবে, সেটিই প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।