দুর্গাপূজার প্রস্তুতিতে বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক

নিরাপত্তা, শৃঙ্খলা ও যান চলাচল নিয়ে প্রস্তুতি পর্যালোচনা; নির্বিঘ্ন বিসর্জনে সংশ্লিষ্টদের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নগরীর মন্নুজান স্কুলের সামনে নির্ধারিত প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেন তারা। এ সময় বিসর্জন ঘাটের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা, যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়েও প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাই সতর্ক রয়েছে।
পরিদর্শনকালে এসআরবি-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুরুল কবির পিয়াল, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের উপস্থিত ছিলেন।
এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






