বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের আহ্বান রাষ্ট্রপতির

সংসদীয় সহযোগিতা জোরদার ও পারস্পরিক সফরের ওপর গুরুত্ব; বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা

টুইট ডেস্ক: বাংলাদেশে বিনিয়োগ ও দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখতে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বঙ্গভবনে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় দলের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন শওকত আদম এমপি ও হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসাইন।

রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ককে ঢাকা অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি যুক্তরাজ্যকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী এবং অন্যতম বৃহৎ রপ্তানি বাজার হিসেবে উল্লেখ করেন।

দুই দেশের সংসদীয় সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি পারস্পরিক সফর, সংসদীয় কমিটিগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং কর্মকর্তাদের প্রশিক্ষণের মতো কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় দলের উদ্যোগে জাতীয় সংসদে বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় বন্ধুত্ব গোষ্ঠী গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৈঠকের শুরুতে আফসানা বেগম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি ব্রিটিশ প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ব্রিটিশ পার্লামেন্টের সর্বদলীয় সংসদীয় দলের সদস্যদের ভূমিকার কথাও উল্লেখ করেন।

প্রতিনিধিদল বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানায়। জবাবে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে।

এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টকে বাংলাদেশের সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার ক্ষেত্রে একটি অনুসরণীয় মডেল হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।