নিরাপদ পানি নিশ্চিতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে প্রকল্প বাস্তবায়নের আলোচনা; উত্তরে পানিশূন্যতা ও দক্ষিণে লবণাক্ততা নিয়ে উদ্বেগ
টুইট ডেস্ক: দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ অর্থের পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে দেশের মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পানি মানুষের জীবনের জন্য অপরিহার্য হলেও দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, নদীগুলো শুকিয়ে যাওয়ায় দেশের উত্তরাঞ্চলে পানিশূন্যতা ও মরুকরণের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে উজানে পানির প্রবাহ কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি নদী ও ভূখণ্ডের ভেতরে আরও ওপরে উঠে আসছে। এতে দক্ষিণাঞ্চলে নিরাপদ পানির সংকট দীর্ঘদিন ধরে বাড়ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী। বৈঠকে বিশ্বব্যাংক, ওয়াটারএইড ও ইউনিসেফের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন সংস্থার সম্ভাব্য সহায়তা একত্র করলে প্রস্তাবিত প্রকল্পের মোট অর্থায়নের পরিমাণ প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে। এর মাধ্যমে দেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।






