দুর্গাপূজায় গুজব, অপপ্রচারে কঠোর ব্যবস্থা: আরএমপি কমিশনার

পূজামণ্ডপে নিয়মিত তদারকি, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ; সমন্বিত ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন এবং রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যালোচনা সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে সকল থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

সভায় পুলিশ কমিশনার বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে আরএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত তদারকির পাশাপাশি পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার।

তিনি আরও বলেন, কোনো ধরনের গুজব, অপপ্রচার, উসকানিমূলক কর্মকাণ্ড কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ এবং ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশি তৎপরতা জোরদারের নির্দেশ দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, পূজামণ্ডপ ও জনসমাগমস্থলে নিয়মিত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার কথাও জানান তিনি।

পুলিশ কমিশনার কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণিক অবহিত থাকার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দেন।

যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে ব্যবস্থা গ্রহণ এবং দুর্গাপূজার সময়ে নগরবাসী যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জনবান্ধব ও দায়িত্বশীল পুলিশিং নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।