এসএ টোয়েন্টিতে রানা বাদ, রিশাদের সামনে তারকার মেলা

নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নাহিদ রানা দল পাননি; সরাসরি চুক্তিতে সানরাইজার্স ইস্টার্ন কেপে জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন।
টুইট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর এসএ টোয়েন্টির পঞ্চম মৌসুমে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কেবল রিশাদ হোসেনই খেলার সুযোগ পেয়েছেন। নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নাহিদ রানা দল পাননি।
নিলামের আগে সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নেয় সানরাইজার্স ইস্টার্ন কেপ। ফলে এসএ টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ক্রিকেটারের অংশগ্রহণের অপেক্ষা এবার রিশাদের হাত ধরে শেষ হতে যাচ্ছে। এর আগে এই প্রতিযোগিতায় কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলেননি।
এসএ টোয়েন্টির এবারের নিলামে ৭৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পান ১৫৬ জন, ৯৫ জন দক্ষিণ আফ্রিকার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে সেই তালিকায় ছিলেন নাহিদ রানা। তাঁর ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড। তবে কোনো দল তাঁকে দলে নেয়নি।
রানার জন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ তৈরি হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পাওয়া নিয়েও আগে থেকেই সংশয় ছিল। অনাপত্তিপত্র না পাওয়ায় এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল তাঁকে।
অন্যদিকে রিশাদের জন্য অপেক্ষা করছে তারকায় ঠাসা সানরাইজার্স ইস্টার্ন কেপের সাজানো দল। বাংলাদেশের এই লেগস্পিন অলরাউন্ডারের সতীর্থ হিসেবে থাকবেন কুইন্টন ডি কক, ত্রিস্তান স্টাবস, মার্কো ইয়ানসেন, মিচেল মার্শ, এনরিখ নরকিয়া, অ্যাডাম মিলনে ও নান্দ্রে বার্গারের মতো আন্তর্জাতিক তারকারা।
দলটির সঙ্গে রিশাদের চুক্তির পেছনেও বাংলাদেশের পরিচিত মুখ রয়েছেন। সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের পাশাপাশি সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার মিচেল মার্শকেও দলে নিয়েছে দলটি।
আগামী ৯ জানুয়ারি শুরু হবে এসএ টোয়েন্টির পঞ্চম আসর। প্রতিযোগিতা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের ক্রিকেটের জন্য এবারের আসরের বিশেষত্ব হলো, রিশাদের অভিষেকের মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের কোনো ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।






