কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী পাচ্ছেন স্বর্ণপদক

 

২০১৯ থেকে ২০২১ সালের জন্য চূড়ান্ত মনোনয়ন, পরবর্তী চার বছরের তালিকা তৈরির প্রক্রিয়াও চলছে

টুইট প্রতিবেদক: উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য তাঁদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা অনুমোদন ও প্রকাশ করেছে।

অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য পাঁচজন, ২০২০ সালের জন্য পাঁচজন এবং ২০২১ সালের জন্য ছয়জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
২০১৯ সালের মনোনীত শিক্ষার্থীরা হলেন,পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তাসফিয়া সালাম এবং অর্থায়ন ও ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের মাহিমা সুলতানা সরকার, বাংলা বিভাগের তৈয়বুন নাহার, অর্থনীতি বিভাগের হেলাল উদ্দিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মুক্তা আক্তার এবং অর্থায়ন ও ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার।

এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত ছয় শিক্ষার্থী হলেন,পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, বাংলা বিভাগের নাজনীন সুলতানা, প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের নাহিদা আক্তার, হিসাববিজ্ঞান বিভাগের আমেনা আক্তার এবং আইন বিভাগের নিশি আক্তার।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ এখনো চলছে।

ফলে এসব বছরের চূড়ান্ত তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রকাশ করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই একাডেমিক স্বীকৃতি পাওয়ার সুযোগ পাবেন।