ভোট চলাকালে আটক পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির

সহিংসতায় উসকানি ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, নির্বাচনী কার্যালয় থেকে থানায় নেওয়া হয়েছে তাঁকে

টুইট ডেস্ক: পশ্চিমবঙ্গের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোট দেওয়ার পর দলীয় কার্যালয়ে অবস্থানকালে তাকে আটক করা হয়।

পুলিশের অভিযোগ, ভোটগ্রহণ চলাকালে দলীয় কার্যালয়ে বসে বিভিন্ন এলাকায় সহিংসতা ও উত্তেজনা ছড়াতে উসকানি দিচ্ছিলেন হুমায়ুন কবির। একই সঙ্গে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

অভিযোগের পর রেজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন বর্মন বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়ে দলীয় কার্যালয়ে যান। পুলিশ তাকে কার্যালয় ছেড়ে বাড়িতে যাওয়ার নির্দেশ দিলেও তিনি তা মানতে অস্বীকৃতি জানান। এ সময় পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। পরে তাঁকে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের হুমায়ুন কবির বলেন, তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

পরে বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় জানান, আইন ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় রেজিনগরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার পর নির্বাচন কমিশন জেলা পুলিশের কাছে জরুরি প্রতিবেদন চেয়েছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগরসহ ভারতের তিন রাজ্যের পাঁচটি বিধানসভা এবং আসামের একটি লোকসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামী ৯ অক্টোবর এসব আসনের ফল ঘোষণা করা হবে।