গুজব ছড়ালেই ব্যবস্থা, পূজায় সর্বোচ্চ সতর্কতা: পুলিশ সুপার মাসুদ

মণ্ডপে সিসি ক্যামেরা, অগ্নিনিরাপত্তা ও নারী-শিশুর নিরাপত্তায় বিশেষ নজর

টুইট ডেস্ক: আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক কোনো তথ্য বা কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে।

রোববার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ এ ধরনের অপতৎপরতায় জড়িত হলে দ্রুত পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় দুর্গাপূজার মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, ভক্তদের নির্বিঘ্ন চলাচল এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও তা সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নারী ও শিশুদের নিরাপত্তায়ও বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নারী ভক্তদের সমস্যার দ্রুত সমাধান এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথা বলা হয়।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশার প্রতিনিধি, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া পূজামণ্ডপে মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

সভায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।