মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের প্রতারণা

জাল ডাক লেবেল বিক্রির অভিযোগে পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মামলা, অভিযুক্তের ওয়েবসাইট বন্ধ করে ডোমেইন জব্দ।
টুইট প্রতিবেদক: অনলাইনে জাল ডাক লেবেল বিক্রি করে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগকে ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি ক্ষতি করার অভিযোগে পাকিস্তানের এক নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন কর্তৃপক্ষ।
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির বয়স ৩৩ বছর। তিনি পাকিস্তানের খানেওয়াল এলাকার বাসিন্দা। মার্কিন অ্যাটর্নি কার্যালয়ের বরাতে ডন জানিয়েছে, তিনি একটি অননুমোদিত ওয়েবসাইট পরিচালনা করতেন। ওই ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের জাল ডাক লেবেল বিক্রি করা হতো।
তদন্তে উঠে এসেছে, ওয়েবসাইটটির মাধ্যমে ৫০ লাখের বেশি জাল পণ্য পাঠানোর লেবেল বিক্রি করা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, এসব লেবেলের প্রতিটির দাম সাধারণত দুই ডলার নেওয়া হতো। অথচ বৈধ ডাকমাশুল নির্ধারণের ক্ষেত্রে পণ্যের আকার, ওজন ও গন্তব্য বিবেচনা করা হয়।
জাল লেবেলের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় না নিয়ে নির্দিষ্ট কম দাম নেওয়া হতো। ফলে ক্রেতারা বৈধ ডাকমাশুলের তুলনায় অনেক কম খরচে পণ্য পাঠানোর সুযোগ পেতেন।
মার্কিন তদন্তকারীদের হিসাবে, ৫ হাজার ২০০-এর বেশি ব্যক্তি ওই ওয়েবসাইট ব্যবহার করে ৫১ লাখের বেশি জাল ডাক লেবেল কিনেছেন। এতে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ক্ষতির পরিমাণ ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দক্ষিণ ফ্লোরিডা জেলার মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনেস জানান, মার্কিন ডাক পরিদর্শন সেবা ও সরকারি কৌঁসুলিদের তদন্তের পর ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এর ইন্টারনেট ঠিকানা জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রতারণা ও জাল ডাকটিকিট তৈরির ষড়যন্ত্রের একটি অভিযোগ, জাল ডাক লেবেল তৈরি ও বিক্রির পাঁচটি অভিযোগ এবং তারবার্তার মাধ্যমে প্রতারণার চারটি অভিযোগ আনা হয়েছে।
দোষী সাব্যস্ত হলে ষড়যন্ত্র ও জাল ডাকটিকিট বিক্রির অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছর করে কারাদণ্ড এবং তারবার্তার মাধ্যমে প্রতারণার প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
তবে মার্কিন বিচার বিভাগ স্পষ্ট করেছে, অভিযোগপত্রে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইন অনুযায়ী নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।






