রাজশাহীতে বই পড়া প্রতিযোগিতা, অংশ নিল ৩ শতাধিক শিশু

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে বই পড়া প্রতিযোগিতা!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে রাজশাহীতে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহী জেলা কার্যালয়ের আয়োজনে শনিবার বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু অংশগ্রহণ করে। শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চায় উৎসাহ দেওয়া এবং সৃজনশীল বিকাশে ভূমিকা রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বার্তার সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিজিৎ সরকার, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনা পরিষদের সদস্য ও বিশিষ্ট সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব ও শিশু একাডেমির পরিচালনা পরিষদের সদস্য সেলিম রেজা এবং ছড়াকার মাসুম আউয়াল।

অনুষ্ঠানে অতিথিরা শিশুদের নিয়মিত বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, বই শিশুর জ্ঞান, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশুদের বইমুখী করতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

প্রতিযোগিতাকে ঘিরে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অভিভাবকরাও সন্তানদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন।