ময়মনসিংহে পুলিশের বিভাগীয় পদোন্নতি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত

৩০ মিনিটের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩৮৯ জন পুলিশ সদস্য; উত্তীর্ণরাই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
টুইট প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ আজ শুক্রবার ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।
মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
পরিদর্শনকালে ডিআইজি পরীক্ষার সার্বিক পরিবেশ, আসন বিন্যাস ও পরীক্ষা পরিচালনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে নির্ধারিত নিয়ম মেনে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া পরীক্ষা সহায়তা ও পর্যবেক্ষণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশ সুপার (ডেভেলপমেন্ট) কাজী এহসানুল কবীর এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকের আহমেদ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৩০ মিনিটের এ এমসিকিউ পরীক্ষায় প্রচলিত আইনের বিভিন্ন বিষয়ের ওপর ৫০টি প্রশ্ন ছিল। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ কর্মকর্তারাই পরবর্তী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ময়মনসিংহ রেঞ্জাধীন পরীক্ষা পরিচালনা বোর্ডের আওতায় জেলা পুলিশ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার—ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা, ২-এপিবিএন মুক্তাগাছা, শিল্পাঞ্চল পুলিশ-৫ এবং হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়নের মোট ১ হাজার ৩৮৯ জন পুলিশ সদস্য এ পরীক্ষায় অংশ নেন।
এর মধ্যে এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে ৩১০ জন এবং কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ১ হাজার ৭৯ জন পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থী ছিলেন।
সাবহেড: ৩০ মিনিটের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩৮৯ জন পুলিশ সদস্য; উত্তীর্ণরাই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।






