এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে প্রেম, ইতালি প্রবাসীর ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

‘লেডি সোলজার’ নামে ফেসবুক পেজ খুলে সম্পর্ক, গ্রেপ্তার যুবক
টুইট ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার এবং নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে ইতালি প্রবাসী শাহাদাত খানের সঙ্গে পরিচয় হয় তোফায়েল আলম টিটুর। ওই পেজে সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো। পরে নারী পরিচয়ে নারীসুলভ কণ্ঠে ফোন ও ইমোতে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন টিটু।
তদন্তে জানা যায়, সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন কৌশলে শাহাদাত ও তার মায়ের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। নিজের মায়ের অসুস্থতার কথা বলেও বিভিন্ন সময়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা প্রথমে আদালতে মামলা করেন। পরে তদন্তে পিবিআই প্রতারণার বিভিন্ন তথ্য পায়। বিকাশ ও নগদের লেনদেনের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্ত করে ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে তোফায়েল আলম টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ হিসাবের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ রোববার (২৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পিবিআই জানায়, গ্রেপ্তারের পর টিটুকে আদালতে হাজির করা হলে এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই আরও জানিয়েছে, প্রতারণার ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং আত্মসাৎ করা অর্থের বিষয়ে আরও তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।






