গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ

নতুন চুক্তিতে গ্যারান্টি ধারা রাখার দাবি; নদীদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপের তাগিদ
টুইট ডেস্ক: গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে নবায়নের পরিবর্তে নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ধারা রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদীবিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদীগুলোর ওপর পড়ছে। নদীদূষণের মূল কারণ চিহ্নিত করে তা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, রাজধানীর বুড়িগঙ্গা নদীর দূষণ এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। নদীগুলো রক্ষা করতে দূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি সরাসরি নদীতে গিয়ে পড়ে। এর ফলে পরিবেশের পাশাপাশি প্রতিবছর দেশের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে।






