উন্নয়নের অধিকার নিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ

জাতিসংঘের অনুষ্ঠানে ন্যায়সঙ্গত আর্থিক কাঠামো, জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিতে সমান সুযোগের আহ্বান

টুইট ডেস্ক: বিশ্বের সব দেশের অঙ্গীকার, দায়িত্বশীলতা ও সম্মিলিত পদক্ষেপ ছাড়া উন্নয়নের অধিকার বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উন্নয়নের অধিকারবিষয়ক এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

উন্নয়নের অধিকারবিষয়ক জাতিসংঘের ঘোষণা গ্রহণের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের সদস্যরাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

বক্তব্যে শামা ওবায়েদ বলেন, উন্নয়ন একটি অবিচ্ছেদ্য মানবাধিকার। এ অধিকার নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করেন। একই সঙ্গে উন্নয়নের অংশীদার হিসেবে নারী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এমন একটি ‘রেইনবো নেশন’-এর স্বপ্ন দেখে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

অনুষ্ঠানে বৈশ্বিক আর্থিক কাঠামোকে আরও ন্যায়সঙ্গত করার পাশাপাশি উন্নয়ন ও জলবায়ু অর্থায়নে পূর্বানুমেয়তা ও সমতা নিশ্চিত করার প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সবার সমান সুযোগ এবং উন্নয়নের অধিকারকে জবাবদিহিতার আওতায় আনতে আইনিভাবে বাধ্যতামূলক কাঠামো গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশ নেওয়া দেশগুলো উন্নয়নের অধিকার প্রতিষ্ঠা এবং বৈশ্বিক সমৃদ্ধি এগিয়ে নিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।