হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন; ২০২৪ সালে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন
টুইট ডেস্ক: হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের নিবন্ধন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হয়।
এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী।
ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। পরে ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী।






