উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের

রাজশাহীতে শরৎ উৎসব ও মেলার সমাপনী
উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ‘রাজশাহীর উদ্যোক্তা’ আয়োজিত সাত দিনব্যাপী ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে নগরীর টি-বাঁধের বিপরীতে পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ সৃষ্টি করা জরুরি। ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্যোক্তা মেলার আয়োজনের বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবার প্রচার এবং বাজার সম্প্রসারণে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার কাজ করছে।
মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে রাসিক প্রশাসক বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।
এ সময় মেলার আয়োজক তৌহিদ ফেরদৌস তন্ময়, নিপাশ বিপু ও তোহা রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ‘শরৎ উৎসব ও মেলা’ শুরু হয়। সাত দিনব্যাপী এ মেলায় প্রায় ৭০টি স্টল ছিল। মেলায় বিভিন্ন উদ্যোক্তার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।






